মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়া এলাকায় অবস্থিত ফার্নেস ওয়েল ও ব্লাক কার্বন তৈরীর ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানীর’ কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধ দুই শ্রমিক হলেন, মৌলভীবাজার জেলার জুরি থানার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে শাওন মুন্ডা (১৬) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোল্লাপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪)। কারখানায় ফার্নেস অয়েল, ব্লাক কার্বন ও স্টীলের তার/ওয়্যার তৈরী করা হয়। তবে পুরাতন টায়ার পোড়ানোর কারণে এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ দীর্ঘদিনের। সরেজমিন আলাপকালে জানা গেছে, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা বয়লারের মধ্যে টায়ার পুড়ানোর কাজ করছিলেন। সকাল অনুমান ১০ টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে দুজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। কারখানা শ্রমিক ও এলাকাবাসী তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক বলেন, সকালে বয়লারে টায়ার লোড দিয়ে পাশেই অন্য কাজ করছিলাম। হঠাৎ প্রচন্ড বিকট শব্দ শুনতে পাই। কাছে এসে দেখি শাওন মুণ্ডা ও সোহেল রানা দগ্ধ অবস্থায় পরে আছে। তারপর সবাই মিলে ধরাধরি করে ওদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেয়।অভিযোগ রয়েছে, কারখানাটির লাইসেন্সের মেয়াদ অনেক আগে শেষ হলেও এখনও তা নবায়ন করা হয়নি। এছাড়া টায়ার পোড়ানোর কারনে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর হতে অনুমোদন নিয়ে কারাখানাটি গড়ে উঠলেও শর্ত ভঙ্গ করা হচ্ছে। এতে স্থানীয় লোকজন, প্রশাসনসহ গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়না।জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শক মোঃ ইমরান হোসেন বলেন, কারখানায় পুরানো টায়ার জ্বালিয়ে ফার্নেস অয়েল, ব্লাক কার্বন, স্টীলের তার/ওয়্যার তৈরী করা হয়। কারখানার লাইসেন্স গত বছর ২০২৫ সালের আগষ্টে মেয়াদ শেষ হয়েছে। লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। কিছু কাগজপত্র ঘাটতি থাকায় এখনও নবায়নের কাজ শেষ হয়নি।কারখানার দায়িত্বরত ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে ব্যবস্থাপকের অনুপস্থিতিতে কারখানার দেখভালের দায়িত্বে থাকা গোয়ালন্দের আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, দগ্ধ দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছি। তারা এখন আগের থেকে ভালো আছেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে এর আগেও কারখানাটিতে পুরানো টায়ার পুড়িয়ে পরিবেশ দূষনসহ নানা ধরনের শর্ত ভঙের অভিযোগ রয়েছে। এছাড়া লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টির সর্বশেষ অবস্থা জানতে পরিবেশ অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে। ইউএনও আরও বলেন, আজকের দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর জেনেছি দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা খোঁজ খবর রাখছি। প্রয়োজনে দ্রুত কারখানায় অভিযান পরিচালনা করা হবে।
অনলাইন জরিপ
রাজনীতি
শামীম শেখ ও মঈনুল হকঃ রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে রঞ্জু মোল্লা ওরফে রঞ্জু মিস্ত্রি নামে এক ব্যাক্তির বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, উড়ো চিঠি ও একটি খিলিপান জব্দ করেছে পুলিশ। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্বরূপার চক এলাকার আনি মোল্লার ছেলে রন্জু মোল্লা ওরফে রঞ্জু মিস্ত্রির বাড়িতে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রন্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার (২৪ জুন) দিবাগত রাতে তারা বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় এবং একটি খোলা চিঠি রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বারান্দায় কাফনের কাপড় এবং ওই চিঠিটি দেখতে পান। ঘটনার পর হতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় সময় পার করছি। খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেনামী ওই চিঠির শিরোনামে লেখা হয়েছে, "বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।" ভেতরে লেখা হয়েছে -"অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, ভাই-ভাবি তোমরা তোমাদের মনের মতো খাবার খেয়ে নাও। ভাই-ভাবি তোমাদের যে কোন সময় ডাক পড়তে পারে। তাই তোমাদের মনের যত ইচ্ছে আছে সব পূরন করে নাও। তোমাদের সব কুকৃত্তি ফাঁস হয়েছে। তাই তোমাদের এ দেশ ছেড়ে যেতে হবে। ভাই-ভাবি এবং তোমাদের ছেলে সন্তানকে অতি দুঃখ কষ্টে দিন পার করতে হবে। আমাদের জমিগুলো ছেড়ে দেবার ব্যবস্থা করার জন্য বলা হলো। এবং সীমানা ঠিক রাখার জন্য বলা হলো। অতএব ভাই-ভাবি এবং তোমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে। সময় এক বছর। ভাবি তুমি অনেক খারাপ লোক। ভালো হতে কোন টাকা পয়সা লাগেনা।" এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং চরম হুমকির বিষয়। আমরা এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত হিসেবে কাফনের কাপড় সহ চিরিকুট সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ির পাংশায় আধিপত্য বিস্তার ও জমির মাপজোখকে কেন্দ্র করে দুই ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই আক্তার মণ্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ জুন সকালে জমির সীমানা মাপজোখ নিয়ে শালিস বসলে আক্তার মণ্ডলের পক্ষে হাজির হন তাঁর মামাতো ভাই পাশের পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাস। জমি মাপজোখের এক পর্যায়ে হাকিম মণ্ডল ও তাঁর লোকজন মতিয়ার বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনার জেরে একদিন পর ২০ জুন সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মণ্ডলের কাছে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তাঁকে মারধর করেন। অভিযোগ রয়েছে, পাট্টা ও কাশবামাজাইল দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে সিরাজপুর হাওড় নদী। নদীর এক প্রান্তে কশবামাজাইল অপর প্রান্তে পাট্টা ইউপির যোগাযোগের জন্য রয়েছে একাধিক বাঁশের সেতু। উত্তেজনার এক পর্যায়ে ২১ জুন সকালে দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের হাকিম মণ্ডলের মানুষজন জড়ো হন। তারা নদী দিয়ে পাট্টার ঢেঁপামাজাইল গ্রামে প্রবেশের চেষ্টা করলে পথিমধ্যে মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাসসহ তাদের লোকজন বাঁধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমিন বিশ্বাস, তৌফাজ্জেল বিশ্বাসসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাস (৫৫) মারা যান। জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এ সময় ওইদিন রাত ১০টার পর থেকে শুরু করে ভোররাত পর্যন্ত দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ভয়ে এই তিন গ্রামের অধিকাংশ পরিবার পুরুষশূন্য হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জামিন বিশ্বাস নিহতের ঘটনায় বুধবার তাঁর ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক আরেকটি মামলা করবেন বলে প্রতিপক্ষের লোকজন জানিয়েছেন। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জ্বালানি তেলের দাম কমানো, গাড়ি ভাড়া কমানো এবং পেঁয়াজের দাম বাড়ানোর দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করতে গত তিন দিন ধরে একাই আন্দোলন করছেন মো. নুরুল্লাহ শেখ (৪০) নামের এক ব্যক্তি। বিভিন্ন ষ্টেশন, বাজারে তিনি প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ করছেন।রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী গ্রামের বাসিন্দা নুরুল্লাহ শেখ সোমবার (২২ জুন) নিজ উপজেলা বালিয়াকান্দি উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ষ্টেশনে ষ্টেশনে প্লাকার্ড হাতে নিয়ে ব্যতিক্রমী এই বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছেন। একই সাথে তিনি একজন মুসলিম হিসেবে ভারতে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের ঘরবাড়ি, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া, মুসলিম হত্যা, মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ সিমান্তে পুশইন করার প্রতিবাদে বিক্ষোভ করছেন। বুধবার বেলা ১১টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। রেলওয়ে ষ্টেশনে অবস্থানকালে নুরুল্লাহ শেখ বলেন, তিনি ব্যক্তিগতভাবে একজন মুসলমান। ফুরফুর পীর দরবার শরীফের একজন খাদেম। কিছুদিন আগে ভারতে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের প্রতি নির্যাতন সহ তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। তখন তিনি প্রতিজ্ঞা করেন, আর ঘরে বসে থাকা নয়। প্রয়োজনে একাই এর প্রতিবাদ করবেন। সেই মানসিকতা থেকে তিনি রাজপথে নামেন। এছাড়া সম্প্রতি বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহনের ভাড়াও বৃদ্ধি করা হয়। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ে। এছাড়া এই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। অথচ কৃষি প্রধান দেশের প্রধান অর্থকারী ফসল পেঁয়াজের মূল্য না পাওয়ায় অনেক স্থানে কৃষক পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছে। সরকারের প্রতি তিনি আহ্বান জানান, অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানো, গাড়ি ভাড়া কমানোর পাশাপাশি কৃষককে বাঁচাতে পেঁয়াজের দাম বাড়াতে হবে। নুরুল্লাহ শেখ বলেন, জানিনা আমার এ প্রতিবাদ সরকারের নজরে আসবে কি না। তারপরও যতদিন না সরকারের নজরে আসবে এবং ব্যবস্থা গ্রহণ করবে ততদিন পর্যন্ত আমি একাই আমার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে যাবো। প্রতিদিন বিভিন্ন বাস ও রেলওয়েষ্টেশন ও বাজার ঘুরে প্রতিবাদ জানাচ্ছেন। এভাবে তিনি সারাদেশ ঘুরে প্রতিবাদ জানানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।এ সময় পাচুরিয়া রেলওয়ে ষ্টেশনে উপস্থিত ট্রেনযাত্রী আব্দুর রহিম সহ কয়েকজন বলেন, আমরা মুসলিম হয়েও প্রতিবাদ জানাতে পারিনি। অথচ নুরুল্লাহর মতো একজন সাধারণ মানুষ ভারতের উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করছেন। এছাড়া দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পরিবহন বাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কৃষক বাঁচাতে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন। আমরাও তাঁর সাথে একাত্মতা প্রকাশ করছি। এভাবেই প্রতিবাদ শুরু হওয়া দরকার।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জামিন বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত আরও দুইজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই প্রতিপক্ষের শতাধিক বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অনেকের বাড়ি ঘরের গৃহস্থলী সামগ্রীর পাশাপাশি গবাদিপশুও লুট করা হয়। এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের জমির মাপজোখ নিয়ে পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের বাসিন্দা মতিয়ার বিশ্বাসকে লাঞ্ছিত করেন কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডল ও তার লোকজন। এর জের ধরে একদিন পর শনিবার সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মÐলের কাছে কৈফিয়ত চায় এবং এক পর্যায়ে তাঁকে লাঞ্ছিত করেন। স্থানীয় কয়েকজন জানান, উত্তেজনার এক পর্যায়ে রোববার (২১ জুন) সকালে হাকিম মণ্ডলের লোকজন বাড়ির কাছে সিরাজগঞ্জ হাওড় পাড়ি দিয়ে ঢেঁপামাজাইল গ্রামের মজিদ বিশ্বাসের বাড়িতে হামলার চেষ্টা করলে পথিমধ্যে তাদের লোকজন বাঁধা দেয়। মজিদ বিশ্বাসের ভাতিজা জামিন বিশ্বাস লোকজন নিয়ে বাধা দিলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও দুই-তিনজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জামিন বিশ্বাসকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বিকেলেই ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে জমির বিশ্বাস মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।পাট্টা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অতুল চন্দ্র সরকার বলেন, পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মÐলের জমির মাপজোখ নিয়ে বিরোধ তৈরী হয়। এর জের ধরে উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় মতিয়ার বিশ্বাসের ভাতিজা গুরুতর আহত জামিন বিশ্বাস ঢাকার একটি হাসপাতালে রোববার রাত ৮টার দিকে মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই প্রতিপক্ষের গ্রামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের জমির মাপজোখ নিয়ে মূলত দুই গ্রামের মধ্যকার বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে রোববার সকালে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জামিন বিশ্বাস রাতে মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার রাতে ঢেঁপামাজাইল গ্রামের লোকজন দড়িবাংলাট গ্রামে গিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটে। ওসি আরও বলেন, আমরা এ মুহুর্তে পাট্টা ইউনিয়নের নদীর পাড়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে অবস্থান করছি। এখনো দড়িবাংলাট গ্রামে পৌঁছতে পারিনি। যে কারনে কতগুলো বাড়ি-ঘর ভাঙচুর বা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে জানতে পারিনি। পরিস্থিতি মোকাবেলা করতে থানা পুলিশের পাশাপাশি জেলার ৭০-৭৫ জনের অতিরিক্ত পুলিশ এলাকায় অবস্থান করছেন।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় শনিবার বিকেলে মাদকবিরোধী অভিযানকালে হামলা ও হাতকড়াসহ আসামি পলায়নের প্রায় ৩০ ঘন্টা পর মামলা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সোমবার সকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। এর আগে অভিযানে ভ্রাম্যমান আদালতের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু ও ব্যবস্থা গ্রহণের জন্য রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান আদেশ কপি পাঠান। আদেশ কপিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালককে অবহিত করার কথা বলেন। সোমবার সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোহরাব মÐল পাড়ার শাহজাহান খানের ছেলে নাসির খান (২৬), একই ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আব্দুর রাজ্জাক বেপারীর স্ত্রী মৌসুমি আক্তার (৪০) ও দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ড তাহের কাজী পাড়ার আকের আলী সরদারের ছেলে দেলোয়ার সরদার (৫২)। গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, রোববার দিবাগত মধ্যরাতের দিকে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে হাতকড়াসহ পলাতক ফয়সালকে প্রধান আসামি করে ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দায়েরের পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে উল্লেখিত তিনজনকে আটক করেন। আটককৃত তিনজন হামলার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদেরকে সোমবার বিকেলে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খান প্রেরিত আদেশে বলা হয়, শনিবার (২০ জুন) বিকেল তিনটার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও মাদক নির্মুলের উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় স্থানীয় বেবীর ছেলে ফয়সাল নামের একজনকে হেরোইন সেবন, বিক্রি ও বহনরত অবস্থায় আটক করা হয়। তার থেকে চার পুড়িয়া (দশমিক ৪ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। আইনানুযায়ী সাজা প্রস্তুতিকালে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন লাঠিসোঁঠা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আকষ্মিকভাবে হামলা চালায়। সরকারি কাজে মারাত্মক বাধার সৃষ্টি করে আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে মাদকসহ উপরোক্ত আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। যেহেতু আসামিরা মাদকসহ ভ্রাম্যমান আদালতের হেফাজত থেকে পালিয়েছে এবং তাদের সহযোগীরা সরকারি কর্মচারীদের ওপর আক্রমণ করে আসামি ছিনতাই করেছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দÐবিধি, ১৮৬০ এর ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ।
মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “দুনিয়ার মজদুর এক হও” এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া আঞ্চলিক অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটে অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন অনিসুর রহমান।বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন দৌলতদিয়া ঘাট আঞ্চলিক শাখার সভাপতি মোঃ সম্রাট আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ দেওয়ান, গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, মটর শ্রমিক ইউনিয়ন ১৭২৭ এর সভাপতি মোঃ শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কামাল মোল্লা প্রমুখ। এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকার নৌ-শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বিশেষ অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবলু বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থানের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে সংগঠিত হওয়ার বিকল্প নেই। নৌ-শ্রমিকদের যেকোনো ন্যায্য আন্দোলন ও দাবির সঙ্গে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করবো।” তিনি নবগঠিত কমিটির সকলকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকার অনুরোধ করেন।বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নোটারিয়ান নাজির আহম্মেদ বলেন, “নৌ-শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।”অনুষ্ঠান শেষে দৌলতদিয়ায ফেরি ঘাটে যাত্রীবাহি বাস ডুবিতে নিহতদের স্মরণে এবং নৌ-পরিবহন খাতের শ্রমিকদের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।
বিনোদন
সোহাগ মিয়া, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আলাল মোল্লা নামে স্থানীয় এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে সে এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত থাকলেও এবার তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।সোমবার (১৫ জুন) দিবাগত রাত ৯টার দিকে হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা তাঁর কর্মী সমর্থকদের জড়ো হন। এ সময় তিনি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে তার নতুন ইসলামী রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থানের কথা ঘোষণা দেন। তার এই ঘোষণার পর মুহূর্তেই তাঁর কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। একই সাথে বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবেও দেখেন।আলাল মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তা-ভাবনা ও ধর্মীয় অনুভূতি থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি ইরান দলকে সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এজন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছি।তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় যুবকদের মধ্যে কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে একজন সমর্থকের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।স্থানীয় হামিদ মৃধা হাট এরাকার আক্কাস সরদার, আব্বাস মোল্লা, জামাল হোসেন, হারুন ব্যাপারী সহ অনেকে জানান, সাধারণত ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এলাকায় খুব একটা দেখা যায় না। ফলে আলাল মোল্লার এই সিদ্ধান্ত নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে।এ বিষয়ে স্থানীয় নুরুল ইসলাম, আহম্মদ আলী শেখ সহ অনেকের ভাষ্য, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যে কোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তার ব্যক্তিগত মতামত ও পছন্দেরই বহিঃপ্রকাশ।ব্যতিক্রমী এই দলবদলের ঘটনা এখন গোয়ালন্দের হামিদ মৃধার হাট সহ আশপাশের এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
মাঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “নারীর সম্মান, সমাজের উন্নয়ন”এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দের সংগঠন স্বপ্ন কুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬” প্রদান অনুষ্ঠিত হয়েছে। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে তিনজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ তিন পুত্রবধূকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাতিক্রমধর্মী এমন আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত এবং আমন্ত্রিত অতিথিগন সবাই মুগ্ধ হন। সোমবার (৮ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিন্নধর্মী এ আয়োজনে অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই”স্লোগানধারী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা খন্দকার আব্দুল মুহিত হিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ সহ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডল, সদস্য নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আকিব সরদার, ফাহিম আশরাফ হিমেলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।গোয়ালন্দ উপজেলার ৪৭ জন সংগ্রামী নারীর মধ্যে সম্মাননা প্রাপ্ত তিন নারী হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশন এলাকার বাসিন্দা প্রয়াত ছাত্তার শেখ এর স্ত্রী মোছাঃ সহিতুন নেছা, গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বীপেন রায় পাড়ার প্রয়াত ইকবাল হোসেন বাবলুর স্ত্রী নাসিমা আখতার ডলি ও পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়ার মো. সেলিম মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম।বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে নির্বাচিত তিন জন নারীর মাঝে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬”হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক মূল্যবোধ ও পারিবারিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দেশের বৃহত্তর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও এক বাড়িয়ালাকে কুপিয়ে জখম করেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লী ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক হামলা হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হলেও পুলিশ রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহত বাড়ীয়ালার নাম ইয়াকুব আলী পাল (৪০)। সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপালে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এমাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পল্লীর ভিতর একটি দ্বিতল ভবনের ছাদে দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে হুমায়ুনের ফাস্টফুডের দোকান ও জলসা ঘর রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জলসা ঘরে অবস্থান করছিল ইয়াকুব পাল। এ সময় ইয়াকুবের সাথে হুমায়ুন ও সহকারি তুহিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় হুমায়ুন তার স্ত্রীর বড় ভাই অনিক খানকে ফোন করলে অনিক কয়েকজন সাথে নিয়ে এসে ইয়াকুবকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ইয়াকুবকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।অনিক খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খানের ছোট ছেলে।এদিকে ইয়াকুবের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার লোকজন একত্রিত হয়ে হুমায়ুনের জলসা ঘর ও ফাস্টফুডের দোকান ভাঙচুর করে। এরপর পাশ্ববর্তী সামসু মাস্টার পাড়ায় হুমায়ুনের বাড়ি ভাঙচুর করে।হুমায়ুনের স্ত্রী মারুফা আক্তার জানান, দুর্বৃত্তরা আমার বাসায় প্রবেশ করলে প্রাণে বাঁচতে আমার শ্বশুর-শাশুড়ির রুমে চলে যাই। দুর্বৃত্তরা আমার ঘরে প্রবেশ করে চিৎকার করে হুমায়ূনকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। কাউকে না পেয়ে ঘরের আলমারিতে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ইয়াকুবের বড় ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাল বলেন, যৌনপল্লীতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের মেয়ে জামাই ও ছেলেরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আইয়ুব আলী খান পল্লীতে এরশাদ সিকদার হতে চাচ্ছে। আমার ভাই পল্লীতে কয়েকদিন আগে একটি বাড়ি কিনেছে। আইয়ুবের মেয়ে জামাই হুমায়ুন কয়েকদিন আগে আমার ভাইয়ের কাছে বাড়ি কেনা বাবদ চাঁদা দাবি করে। সে রাজি না হয়ে প্রতিবাদ করলে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানতে চাইলে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান মুঠোফোনে বলেন, আমার শ্যালক তিনতলা ভবনের ছাদে উন্নত পরিবেশে খরিদ্দারদের জন্য ফাস্টফুডের দোকান দেয়। শহীদ পালের ভাই করিম পাল আমার শ্যালকের ওই ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে আমরা থানায় মামলা করেছি। অথচ আমাদের বিরুদ্ধে তারা উল্টো অভিযোগ করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত।
মইনুল হক, রাজবাড়ীঃ “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” প্রিয় বন্ধু গোপনে বিয়ে করায় ব্যানার ও ফেস্টুন নিয়ে এভাবে শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায় দাওয়াত না পাওয়া বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ও ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন। নানা শ্লোগানে প্রতিবাদ জানালেও নবদম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন। ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় নুরু মন্ডল পাড়ার শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) আকষ্মিকভাবে বিয়ে করেন। পাত্রী দেখা, উভয় পরিবারকে বোঝানোর কাজটি বন্ধুরাই করেন। বন্ধুদের সাথে আগে থেকে পরিকল্পনা করলেও তাদের না জানিয়ে বিয়ে করায় ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়। শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে জড়ো হন কয়েকজন। এ সময় তারা “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” আয়োজনে এসএসসি ২০১৫ ব্যাচ-গোয়ালন্দ, লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা শাকিলের বাড়ির কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না মানবো না, শাকিলের গোপন বিয়ে’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শাকিলের বন্ধু মিশকাত সরদার বলেন, শাকিল আমাদের খুবই ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন আচার-অনুষ্ঠানে ওর খাওয়া নিয়ে আমরা বেশ মজা করি। কমবেশি সবাই ওকে খাওয়ায় কিন্তু শাকিল কাউকে কোনদিন কিছু খাওয়ায় না। সিদ্ধান্ত নেই ওর বিয়েতে আমরা অনেক মজা করে খাবো। বিয়ের জন্য পরিবারকে এমনকি বাড়ির কাছে পাত্রী পক্ষকে বোঝানোর কাজটা আমরাই করি। তিনদিন আগে এক বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে শুক্রবার শাকিলের বিয়ে। কিন্তু আগের দিন বৃহস্পতিবার সে বিয়ে করে ফেলে। প্রবাসী কিছু বন্ধুর সহযোগিতায় বাড়ির কাছে দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১৪-১৫ জন বন্ধু একত্রিত হয়ে মিছিল ও খিচুরির আয়োজন করি। পরে শাকিল অনেক ফোন করলেও কেউ ধরিনি। মজা নিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজনটি করেছি। আয়োজনের অন্যতম উদ্যোক্তা আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সখ্যতা এবং যোগাযোগ অত্যন্ত নিবিড়। বৃহস্পতিবার বন্ধু শাকিলের বিয়ের খবর পাওয়ার পর অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করে দেখি কাউকে দাওয়াত করেনি। তাৎক্ষনিকভাবে আমরা কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে আজকের ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছি। আমাদের দাওয়াত না দিলেও নব দম্পতির জন্য বন্ধুদের পক্ষ থেকে শুভ কামনা ও দোয়া করেছি। শাকিল শেখ বলেন, ওরা আমার সবাই ঘনিষ্ঠ বন্ধু। ওদের প্রতিবাদকে নববধুসহ আমরা আনন্দ হিসেবে গ্রহণ করেছি। আমার মা অসুস্থ্য থাকায় বন্ধুদের দাওয়াত করতে পারিনি। তবে শীঘ্রই বন্ধুদের একত্রিত করার ইচ্ছা আছে। বিষয়টি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে ভাবতে পারিনি। এখন কিছুটা হলেও কেমন যেন অস্বস্তি লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।
মতামত
স্বাস্থ্য ও চিকিৎসা
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় এ বছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জেলার ৪২টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডের মোট ১ হাজার ৬৬টি কেন্দ্রে থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুর ১২টায় রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (২৮ জুন) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে রাজবাড়ী জেলার মোট ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবকের তত্বাবধানে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ১০০ জন শিশুকে নীল রঙের ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯০০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় মোট ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে কিভাবে শিশুদের বুকের দুধ খাওয়ানো যায়, প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ খাদ্যভ্যাস গড়ে তোলা সহ এসব শিশুদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন এস এম মাসুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন, মো. সোহেল শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসরাম হিরণ প্রমূখ। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকাররম মানজুরর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
শামীম হোসেন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড় খেয়ে পরে ওই জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে ছুটে আসেন মো. শহমান মোল্লা (৪৫) নামের এক কৃষক। সোমবার দুপুরে তাঁকে সাপে কাটার পর তিনি নিজে ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শহমান মোল্লা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামের মজিবর মোল্লার ছেলে। জানা যায়, সোমবার (২২ জুন) দুপুরে বাড়ির উঠানে খড়ের পালায় কাজ করছিলেন কৃষক শহমান মোল্লা। এ সময় হঠাৎ করে বড় আকারের একটি বিষধর গোখরা সাপ শহমান মোল্লার ডান হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এতে তাকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় শহমান মোল্লা নিজেই অনেক চেষ্টার পর বিষধর সাপটি আটক করে একটি প্লাস্টিকের পাত্রে ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দিয়ে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কুতুব আহমেদ মঙ্গলবার সকালে বলেন, সোমবার বেলা দুইটার দিকে বিষধর গোখরার কামড় খেয়ে ওই রোগী হাসপাতালে ছুটে আসেন। এ সময় সঙ্গে একটি প্লাস্টিকের বড় জারে (পাত্র) করে প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর গোখরা সাপটি নিয়ে আসেন। বিষয়টি অনেক ভয়ঙ্কর এবং অবাকের ব্যাপার। অবাক হলেও সাপটি দেখে তাৎক্ষনিকভাবে তাঁকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম (ভ্যাকসিন) দেওয়ার পর আনুসাঙ্গিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, যেহেতু উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকে না। একজন রোগীকে যদি সকল ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এমন আরও রোগী আসলে তখন ভ্যাকসিন সঙ্কটে পড়ার শঙ্কা থাকে। এছাড়া এ ধরনের রোগীকে পরবর্তীতে আরও ভালো চিকিৎসার প্রয়োজন পড়ে। তাই আমরা তাকে প্রাথমিক পর্যায়ে যতটুকো ভ্যাকসিন দেয়ার প্রয়োজন তা দিয়ে সন্ধ্যার আগেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। সেখানে তাঁর শরীরে আরও অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা লাগতে পারে। সেই সাথে আনুষাঙ্গিক চিকিৎসারও প্রয়োজন আছে। তাই ফরিদপুর পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে অভিযানকারীদল হামলার শিকার হয়েছেন। এ সময় হ্যান্ডকাপসহ এক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয় মাদক কারবারিরা। এছাড়া হামলায় আহত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ তিন সদস্য। শনিবার বিকেলে অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসীর হাসান খান। অভিযানে আশীষ চন্দ্র শীল (২৬) নামের এক তরুণের দেহ তল্লাশিকালে গাঁজা সহ আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদÐ ও নগদ ১০০ টাকা অর্থদÐ প্রদান করা হয়। পলাতক আসামি পোড়াভিটা এলাকার মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সালকে (২৪) মাদক ও টাকাসহ আটকের পর হ্যান্ডকাপসহ মাদক কারবারীরা হামলা চালিয়ে ছাড়িয়ে নেয়। রোববার দুপুর পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এ ঘটনার পর থেকে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসীর হাসান খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে শনিবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে প্রশাসন দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। স্থানীয় এশিয়া বোডিং থেকে গাঁজা সেবনরত অবস্থায় আশীষ চন্দ্র শীল নামের একজনকে আটক করা হয়। পোড়াভিটা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী লাইলী বেগমের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের কারবার চলছে খবর পেয়ে সাড়ে চারটার দিকে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, বাড়ির প্রধান ফটকে তালা বন্ধ দেখে খুলতে বললেও না খোলায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করেই ফয়সাল নামের একজনকে আটক করে হ্যান্ডকাপ পড়ানো হয়। প্লাস্টিকের ব্যাগভর্তি বিপুল পরিমাণ টাকা নিয়ে পিছনের জানালা দিয়ে পালানোর চেষ্টাকালে লাইলীর স্বামীকে ধরা করা হয়। পাশের ঘর থেকে দেখতে পেয়ে লাইলী ছুটে এসে আমাদের সামনে নিজের পড়নের কাপড় ছিড়ে অপ্রতিকর পরিবেশ তৈরী করে। তাকেও আটকের চেষ্টা করলে ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে ফয়সালকে ছিনিয়ে নেয় এবং লাইলীর স্বামী পালিয়ে যায়। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনজন সদস্য আহত হন। অবস্থা বেগতিক দেখে আমরা দ্রæত নিরাপদস্থানে সরে আসি। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ শনিবার বলেন, মাঝেমধ্যে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালানো হয়। শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে অভিযানে দুইজনকে আটক করা হয়। চিহিৃত মাদক ব্যবসায়ী লাইলী বেগমকে আটকের চেষ্টাকালে অতর্কিতভাবে স্থানীয় মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় ভিড়ের জটলায় পড়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় ফয়সাল নামের একজন পালিয়ে যায়। পরে ঘাট এলাকা থেকে হ্যান্ডকাপটি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, অভিযানটি যেহেতু একজন ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে হচ্ছিল, সেক্ষেত্রে এসিল্যান্ড মহোদয়ও করনীয় নিয়ে ভাবতে পারেন। আমাদের পক্ষ থেকে পরবর্তী করনীয় নিয়ে উর্দ্বোতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কোন মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ অবশেষে ব্যথার যন্ত্রণায় কাতর অসুস্থ্য হনুমানটির চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে খুলনা বন্যপ্রাণি পুনর্বাসন ও সংরক্ষণ অধিদপ্তরের লোকজন এসে হনুমানটি নিয়ে যায়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বিষয়টি নিশ্চিত করেন। পাংশা উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক জানান, শুক্রবার (১৯ জুন) দুপুর বারোটার দিকে খুলনা বন্য প্রাণি পুর্নবাসন ও সংরক্ষণ বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাঈল হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল পাংশা আসেন। তারা হনুমানটি তাঁদের নিজস্ব খাঁচায় বন্দি করে তাঁদের নিজস্ব পিকআপ গাড়িতে করে দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা করেন। হনুমানটি খুলনায় নেয়ার পর নিজস্ব তত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এর আগে হনুমানটি মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা শহরের বেসরকারি ক্লিনিক হামিদা মেডিক্যাল সেন্টারে নিজেই চিকিৎসার জন্য হাজির হয়। ক্লিনিকে চিকিৎসা নিতে আসা লোকজনকে নিজের অসুস্থতার বিষয়টি বোঝানোর চেষ্টা করে। একটি প্রাণীর এমন আচরণে সবাই বিষ্মিত হন। খবর পেয়ে বনবিভাগ হনুমানটি উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেয়।প্রতক্ষদর্শী কয়েকজন বলেন, হামিদা মেডিক্যাল সেন্টারে সাধারণ রোগীদের বসার বেঞ্চে হনুমানটি এসে মাথা নিচু করে বসে পড়ে। এ সময় সেখানে আসা রোগী ও মেডিক্যাল সেন্টারের লোকজন হনুমানের চারপাশে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি ধারণ করেন। কেউ কেউ কলা-বিস্কুট খেতে দেন। অসুস্থ হনুমানটি কখনো মাথা নিচু করে, কখনো বেঞ্চে শুয়ে পড়ে। মাঝেমধ্যে ডান হাতের আঘাতের ক্ষতচিহৃ দেখানোর চেষ্টা করে।ক্লিনিকের পরিচালক আরিফুল ইসলাম জানান, দুই দিন আগে হনুমানটি এসে হাত দিয়ে নিজের আঘাত দেখাচ্ছিল। সেখানে কয়েকটি সেলাই দেওয়া ছিল। পরে জানতে পারেন, পাংশার হাবাসপুর এলাকার এক তাল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে হনুমানটিকে কোপ দিয়েছিলেন। প্রথমে ওই দিন সকালে একবার এসে প্রায় ১০ মিনিট অপেক্ষার পর চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে হনুমানটি আবার তাদের ক্লিনিকে আসে। তাঁদের এখানে প্রাণীদের চিকিৎসক না থাকায় চিকিৎসা দিতে পারেননি, তবে তারা বনবিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগককে জানান। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জরুরি ফোন পেয়ে তাঁরা ওই ক্লিনিকে যান। এ সময় হনুমানটির অবস্থা দেখে তাঁদের মনে হয়েছে, তার হাতে থাকা আগের ক্ষতস্থানে ইনফেকশন হয়েছে। অনেক কষ্টে দুটি ইনজেকশন দেওয়ার পর বনবিভাগের কাছে ব্যবস্থাপত্র দিয়ে আসেন। তাঁরা সাধারণত গরু-ছাগলের চিকিৎসা দেন। এ ধরনের বন্য প্রাণীর চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা তাঁদের নেই, তবে হনুমানটি আগের থেকে অনেকটা সুস্থ। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, হনুমানটি কয়েকদিন আগে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। বাহাদুরপুর এলাকার এক ব্যক্তির সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা পায়। কিছুদিন পর ক্ষতস্থানে হয়তো ব্যাথার যন্ত্রণা বাড়ায় ক্লিনিকে আসে। স্থানীয় বনবিভাগের সহযোগিতায় প্রাণিসম্পদ বিভাগ প্রাথমিক চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য খুলনা বন্যপ্রাণি পুনর্বাসন ও সংরক্ষণ বিভাগে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সাথে কথা হলে আজ শুক্রবার দুপুরে তাদের একটি দল হনুমানটি খুলনা নিয়ে যায়। চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর সুবিধাজনক স্থানে ছেড়ে দিবেন বলে জানিয়েছেন।
মাহবুব পিয়াল, ফরিদপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রফিক হামিদুলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নৃশংস হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।তাঁরা জানান, রফিক হামিদুল বিএনপির নির্যাতিত রাজনীতিবিদ। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসনে ধানের শীষে সক্রিয় ভূমিকা রাখেন। গত ১৫ জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে রফিক হামিদুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা৷ এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে৷ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিরুজ খান, সহ-সভাপতি খায়রুজ্জামান খায়রুল ও মনির হোসেন, শিশু ও গণশিক্ষা বিষয়ক মো. মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মহসিন মৃধা, বোয়ালমারী পৌর সভাপতি লিটন বিশ্বাস, মধুখালী উপজেলার সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলার সভাপতি খায়রুল ইসলাম রনি সহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের দায়েরকৃত মামলায় পুলিশ ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যায় তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মো. মাসুদ মণ্ডল (৪০) রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রামদিয়া গ্রামের নওছের মণ্ডলের ছেলে। তবে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রঘুনাথপুর আদিবাসী পল্লী শ্বশুর বাড়ি এলাকায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত আসামী শিশুটির সম্পর্কে নিকট আত্মীয় (ফুপা) হন। এর আগে গত ২ জুন শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযুক্ত মাসুদ মণ্ডলকে আসামী করে নিজ কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত মাসুদ মণ্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার হাজিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে।মামলার বাদী শিশুটির মা জানান, শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় ঈদের দিন সময় পাবেন না ভেবে ঈদের আগের দিন বুধবার বিকেলে তাঁর শিশু কন্যাকে বাড়ি রেখে বাড়ির আঙ্গিনায় গরুর ঘাস কাটতে যান। এ সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুকে ঘরের মধ্যে একা পেয়ে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে তিনি দৌড়ে ঘরে এসে অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতে ডাকচিৎকার করলে অভিযুক্ত ননদ জামাই মাসুদ মণ্ডল দৌঁড়ে পালিয়ে যান। তিনি আরও বলেন, তাঁর স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি কয়েকদিন গোপন করার চেষ্টা করছিলেন। দিন দিন তাঁর মেয়ের শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে ২ জুন সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মাসুদ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ রাজবাড়ীমেইলকে বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। আসামীকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু সুরক্ষায় ও অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানান এই কর্মকর্তা।